শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার

মো জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. জনি (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে কাপ্তাই থানাধীন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ২ নম্বর গেইটের সামনে ডুলুছড়ি নৌঘাটে যাওয়ার পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এসআই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ডুলুছড়ি নৌঘাটের দিকে যাওয়ার পথে মো. জনিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১৩ (তের) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতার মো. জনি রাঙামাটি পার্বত্য জেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের ডুলুছড়ি ১ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মৃত আবুল কাশেম এবং মাতা রওশনারা বেগম।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত ১০টি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি