শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

অপরাধ নয়, আইসিটি দিয়ে ভাগ্য বদলের বার্তা দিল আলীকদম সেনা জোন

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:

পাহাড়ের যুবসমাজকে তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত করে আত্মনির্ভরশীলতার পথ দেখাল বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবানের আলীকদমে ‘যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬’-এর আওতায় পরিচালিত বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আলীকদম সেনা জোনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. ফরহাদুর রহমান, পিএসসি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম ম্রো কমপ্লেক্সের পরিচালক ইয়ংলো ম্রোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সেনা কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মো. ফরহাদুর রহমান বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কম্পিউটার শিক্ষাই কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতার প্রধান চাবিকাঠি। পাহাড়ের তরুণদের কেবল স্বপ্ন দেখলেই চলবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে দক্ষতা অর্জন করতে হবে। অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের মূলধারার উন্নয়নে অবদান রাখতে হবে।”

তরুণদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “মাদক, অপরাধ ও অপপ্রচারের মতো ধ্বংসাত্মক পথ এড়িয়ে শিক্ষা ও প্রযুক্তিকে আঁকড়ে ধরতে হবে। সৎ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে কারিগরি ও আইসিটি দক্ষতার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানের শেষ পর্বে সফলভাবে কোর্স সম্পন্নকারী তরুণদের মাঝে সনদপত্র হস্তান্তর করা হয়। সনদ হাতে পেয়ে প্রশিক্ষণার্থীদের মুখে ফুটে ওঠে নতুন আশার আলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ি অঞ্চলের যুবসমাজকে কর্মমুখী ও দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি