নিষেধাজ্ঞা অমান্য করে রাঙামাটি সদর হাসপাতালের গেটে পার্কিং, জরিমানা-জব্দ
অহিদুল ইসলাম অভি-রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রবেশমুখে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ।
বুধবার ( ৭ অক্টোবর ২০২৬) হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ স্থানে পার্কিং করা কয়েকটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কিছু মোটরসাইকেলকে জরিমানা ও জব্দ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল ভবনের প্রবেশমুখে যানবাহন না রাখার জন্য দীর্ঘদিন ধরে রোগী, স্বজন ও দর্শনার্থীদের সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে প্রবেশপথে ‘গাড়ি পার্কিং নিষেধ’ লেখা সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। পাশাপাশি হাসপাতাল চত্বরে মোটরসাইকেল রাখার জন্য নির্ধারিত স্থান রয়েছে।
তবে কর্তৃপক্ষের ভাষ্য, এসব ব্যবস্থা থাকার পরও কিছু ব্যক্তি নির্ধারিত স্থান ব্যবহার না করে ভবনের প্রবেশমুখে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন রাখছেন। এতে অ্যাম্বুলেন্স চলাচল, জরুরি রোগীদের হাসপাতালে প্রবেশ ও বের হওয়াসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, নিষিদ্ধ স্থানে যানবাহন পার্কিং বন্ধ করতে গিয়ে দায়িত্ব পালনকারী কর্মচারীদেরও অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ কারণে রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখা এবং হাসপাতালের প্রবেশপথ সচল রাখতে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের বিশেষ উদ্যোগে জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে হাসপাতালের প্রবেশমুখে পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া হয়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এ পদক্ষেপ কোনো ব্যক্তি বা যানবাহন মালিককে হয়রানি করার উদ্দেশ্যে নেওয়া হয়নি। হাসপাতালের জরুরি চলাচলের পথ খোলা রাখা এবং রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখাই এর উদ্দেশ্য।
কর্তৃপক্ষ রোগী, স্বজন, দর্শনার্থী ও সাধারণ নাগরিকদের হাসপাতালের নির্ধারিত স্থানে যানবাহন রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হাসপাতালের প্রবেশমুখ, জরুরি চলাচলের পথ ও নিষিদ্ধ এলাকায় যানবাহন পার্কিং না করার জন্য সতর্ক করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে প্রবেশমুখে অবৈধ পার্কিং বন্ধে প্রয়োজন অনুযায়ী আগামী দিনগুলোতেও অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।