এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
রাঙামাটি সদর,
রাঙামাটিতে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে রাঙামাটি শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি ও রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-মুনতাসির মামুন মনি এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযানে মেয়াদোত্তীর্ণ রিয়েজেনট রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার-সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা এবং প্যানাসিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে পণ্য ও সেবার ক্ষেত্রে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় থেকে বিরত থাকা এবং প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এসব অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা ও ভোক্তা অধিকার-সংক্রান্ত আইন-কানুন যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানান।
সাংবাদিক মো জয়নাল আবেদীন কাপ্তাই উপজেলা।