ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কক্সবাজারে প্রাণ গেল দেবিদ্বারের শিক্ষার্থীর
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৯) নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে করে চলাচলের সময় হঠাৎ সীমা আক্তারের ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সীমা আক্তার নিকট স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।