মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

শাহজালালে বিমানের কর্মীর কাছ থেকে সোয়া কোটি নয়, প্রায় ২ কোটি টাকার সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর কাছ থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট।

আটক ওই কর্মীর নাম ওবায়দুর রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে বিমানবন্দরে ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। বিমানবন্দর নিরাপত্তা বাহিনী (এভসেক) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত ওই তল্লাশিতে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি সোনার বার উদ্ধার করা হয়।

কাস্টমসের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, অর্থাৎ প্রায় ১ কেজি ৫০ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে একজন যাত্রীকেও আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। তবে ওই যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় কর্মরত কোনো ব্যক্তির মাধ্যমে এ ধরনের সোনা পাচারের চেষ্টা হয়ে থাকলে এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। উদ্ধার হওয়া সোনার উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩সহ সংশ্লিষ্ট অন্যান্য আইনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীদের কাছ থেকে সোনা উদ্ধারের একাধিক ঘটনা সামনে আসায় বিমানকর্মীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের বিষয়টি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। তবে প্রতিটি ঘটনার দায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

ক্যাটাগরি