সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

দুর্গম পাহাড়ে মানবিকতার হাতছানি: আলীকদমে ৩০০ পাহাড়ির দোরগোড়ায় সেনাচিকিৎসা

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
ঘন সবুজ পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে যেখানে সঠিক সময়ে স্বাস্থ্যসেবা পাওয়া একপ্রকার দুরাশা, ঠিক সেখানেই অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবার সুবাতাস পৌঁছে দিল বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের লেংক্লাং পাড়ার খিদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন তিন শতাধিক সুবিধাবঞ্চিত পাহাড়ি নাগরিক।

শনিবার (৩ অক্টোবর) আলীকদম জোনের ব্যবস্থাপনায় এ বিশেষ মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। পাহাড়ি দুর্গমতার মাঝেই আয়োজিত এই ক্যাম্পে ম্রো সম্প্রদায়সহ স্থানীয় বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের ভিড় জমতে দেখা যায়।

পাহাড়ের ভৌগোলিক প্রতিকূলতা, দুর্বল যোগাযোগব্যবস্থা এবং আর্থিক অসচ্ছলতার কারণে কুরুকপাতার প্রান্তিক মানুষের জন্য উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। বহু পরিবার অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে রোগ চেপে দিন কাটায়। স্থানীয়দের এই মানবিক বাস্তবতাকে অগ্রাধিকার দিয়ে আলীকদম জোনের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

দিনব্যাপী এই কার্যক্রমে আলীকদম জোনের আরএমও ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে একদল সেনাচিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করেন। ঋতু পরিবর্তনজনিত নানা ব্যাধিতে আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র।

উপজেলা সদরে না গিয়ে নিজেদের পাড়ার কাছেই বিনামূল্যে উন্নত চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় পাহাড়িরা দারুণ স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় মুরুব্বিরা জানান, পাহাড়ি পথ ধরে সদরে যাওয়া-আসার যাতায়াত খরচ ও সময় বাঁচিয়ে পাড়ার ভেতরেই এমন সুবিধা পাওয়া তাঁদের জন্য এক বিরাট আশীর্বাদ।

সেনাবাহিনীর আলীকদম জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নতির পাশাপাশি দুর্গম জনপদের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার এ ধারা বজায় রাখতে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক পদক্ষেপ অব্যাহত থাকবে।

চিকিৎসা ও ওষুধ বিতরণের মাধ্যমে সমাপ্ত হওয়া এই ক্যাম্পটি শুধুই একটি চিকিৎসা সেবা ছিল না, বরং দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর মনে আশা ও সহমর্মিতার এক নতুন বার্তা ছড়িয়ে দিয়েছে।

ক্যাটাগরি