উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে সাড়ে তিন মাসে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সাড়ে তিন মাসে হামের উপসর্গ নিয়ে ২১০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে আরও ৬ থেকে ৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ জেড এম সেলিম জানান, হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের নজরদারি ও চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।