কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও র্যালি প্রতিবাদ সমাবেশ
মো জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগ ও তাদের কথিত গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পরে সাধারণ মানুষের মাঝে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু উথোয়াই মং মারমা, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুমন মারমা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম।
সমাবেশে বক্তারা সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দেশের স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান। তারা কাপ্তাইয়ে কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার কথাও বলেন।
সমাবেশ শেষে বিগত সরকারের আমলে সৃষ্টি হয়েছে বলে বিএনপি নেতারা যে বিদ্যুৎ ও সার সংকটের কথা উল্লেখ করেন, তা নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।