বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশি সহযোগিতা জোরদারের আলোচনা

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ইইউ প্রতিনিধিদলের প্রধান ৫ আগস্টের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন।

সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং, তদন্ত ও ফরেনসিক সক্ষমতা উন্নয়ন, সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইনগত সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

এ ছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলা, মানবপাচার প্রতিরোধ, ভিকটিম সুরক্ষা এবং জেন্ডার সংবেদনশীল পুলিশিং নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহায়তা ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক পরামর্শের মাধ্যমে টেকসই সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি