লোহাগাড়ায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী ছিনতাইয়ের শিকার, আহত ১
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় এক যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট ডিসি সড়কের খালেকিয়া মাদ্রাসার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যাত্রীদের মধ্যে পুটিবিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের পরিচয় পাওয়া গেছে। অটোরিকশার চালকসহ অন্য যাত্রীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আনোয়ার হোসেন বলেন, দরবেশহাট রোডের ফোরকান টাওয়ারের কাছে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশাটিতে পুটিবিলার নালারকুল এলাকার একজন এবং এমচরহাট এলাকার আরও দুজন যাত্রী ছিলেন।
আনোয়ারের ভাষ্য, অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে ১০ থেকে ১২ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সড়কে গতিরোধ করেন। পরে তাঁরা অটোরিকশার যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেন। তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং অপর এক যাত্রীর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়।
তিনি বলেন, আরেক যাত্রীর কাছ থেকে একটি আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁর সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে ওই যাত্রীকে কোপ দেয়। পরে স্বজনেরা তাঁকে রক্তাক্ত অবস্থায় লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান আনোয়ার।
স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের বলেন, ছিনতাইয়ের ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
লোহাগাড়া থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।