সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

জয়পুরহাট বিজিবির উদ্ধার তালিকায় এবার প্রাচীন বেলে পাথরের পিলারের ভগ্নাংশ

মোঃ আজাদ আলী, জয়পুরহাটঃ

জয়পুরহাট বিজিবি-২০ ব্যাটালিয়নের ধারাবাহিক অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের পর এবার প্রাচীন বেলে পাথরের একটি পিলারের ভগ্নাংশ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার একটি খেলার মাঠের পাশের পুকুরে পাচারকারী চক্রের সদস্যরা প্রাচীন বেলে পাথরের একটি পিলারের অংশ ডুবিয়ে রেখেছে—এমন তথ্য স্থানীয়দের মাধ্যমে জানতে পারে বিজিবি। পরে সংবাদ পেয়ে গত ২৬ সেপ্টেম্বর জয়পুরহাট বিজিবি-২০ ব্যাটালিয়নের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাথরের পিলারের ভগ্নাংশটি উদ্ধার করে।

সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া পাথরটি ৮ম অথবা ৯ম শতকের হতে পারে। পিলারটির ওজন প্রায় ৩২০ কেজি। এর আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা বলে জানা গেছে।

স্থানীয়রা বিজিবিকে জানান, সরকার ঘোষিত প্রতিটি জেলায় একটি করে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে এবং পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে তাঁরা পাথরটি পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে উদ্ধার হওয়া প্রাচীন বেলে পাথরের পিলারের ভগ্নাংশটি পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হয়।

ক্যাটাগরি