বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বাঘাইছড়িতে চোরাচালানবিরোধী অভিযানে ৯৯০ প্যাকেট সিগারেট জব্দ

‎মোঃ আসিফ ইসলাম সাইফ-বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট অবৈধ বিদেশি ‘উইন’ (Win) ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহলদল বাঘাইছড়ি মুখ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব বিদেশি সিগারেট জব্দ করা হয়।

‎বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা ৯৯০ প্যাকেট সিগারেটের প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে মোট বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

‎২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি