অভিযোগ নয়, সমাধান চাই’: চমেকের সেবা নিশ্চিতের দাবিতে পরিচালকের মুখোমুখি নাগরিক ফোরাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ইউনিট-২ চালু এবং ডেঙ্গু রোগীদের পৃথক ওয়ার্ড গঠনসহ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরাম। একই সঙ্গে হাসপাতালকে দালালমুক্ত করা, রোগী ও স্বজনদের হয়রানি বন্ধ, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং এক্স-রে মেশিনসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম সচল রাখার ওপর জোর দিয়েছেন সংগঠনের নেতারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনের সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি ও প্রস্তাব তুলে ধরেন বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃবৃন্দ। মহাসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে ফোরামের একটি প্রতিনিধি দল এ মতবিনিময়ে অংশ নেয়।
মতবিনিময়কালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান চিকিৎসাসেবা, রোগীর চাপ, ডেঙ্গু পরিস্থিতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের কার্যকারিতা এবং রোগী-স্বজনদের বিভিন্ন ভোগান্তির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়ে হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য ও রোগী হয়রানির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
তাঁরা বলেন, দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অনেক সময় হাসপাতালের ভেতরে ও আশপাশে বিভিন্ন ধরনের মধ্যস্বত্বভোগীর হয়রানির শিকার হতে হয়। এতে রোগী ও স্বজনদের অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণেও নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়।
হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা গ্রহণ, রোগী হয়রানি কমানো এবং দালালদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানান পরিচালক।
তিনি বলেন, হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতা পর্যায়ক্রমে চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। চট্টগ্রামের সন্তান হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি তাঁর আলাদা দায়বদ্ধতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‘অভিযোগ নয়, সমাধানের পথ খুঁজতেই মতবিনিময়’
বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামের মানুষের চিকিৎসার অন্যতম প্রধান আশ্রয়স্থল। ফলে এ হাসপাতালকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক বেশি।
মতবিনিময় সভায় বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর সভাপতি হামিদ হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ সলিম, মহানগর সিনিয়র সহসভাপতি লায়ন জিল্লুর রহমান শাকিল, ওয়াহিদুল আলম মাস্টার, মহসিন মিয়া, সাধারণ সম্পাদক দুলাল বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ শাসুল আলম রানা, লায়ন মিনহাজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, সাজু তালুকদার, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আলম, মোহাম্মদ ওসমান ও আব্দুল মান্নানসহ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও নাগরিক প্রত্যাশার কথা তুলে ধরেন এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
নাগরিক ফোরামের নেতৃবৃন্দের প্রত্যাশা, হাসপাতাল কর্তৃপক্ষ ও নাগরিক সমাজের মধ্যে এ ধরনের মতবিনিময় ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগে রূপ নেবে। এর মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ, মানবিক ও জনবান্ধব হবে।