কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার।
অহিদুল ইসলাম অভি-জেলা প্রতিনিধি রাঙামাটি
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের পৃথক আভিযানিক দল অভিযানগুলো পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে দাঙ্গা সংগঠনের অভিযোগে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মওলা (৭০)কে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া গীতাশ্রম কলোনি এলাকার মো. জাহেদুল আলম (২২)কে গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তারের পাশাপাশি তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দক্ষিণ কালিন্দপুর এলাকা থেকে সুমন দেব (৩২)কে ১০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে।
মাদক কারবারের অভিযোগে মো. মিলন (৩৮), মো. মহরম আলী (৫৮), মো. আকাশ (২০) ও মো. জসিম উদ্দিন (৩৯)কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে মাদক সেবনের অভিযোগে মো. ফেরদৌস (৫৫) ও বিজন পাল (৩১)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩ ও ৭ নম্বর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদেরও বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।