প্রশস্ত হচ্ছে রাঙামাটির তিন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যয় ২৪১ কোটি টাকা
অহিদুল ইসলাম অভি-জেলা প্রতিনিধি রাঙামাটি
রাঙামাটির তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়নে প্রায় ২৪১ কোটি টাকা ব্যয়ে পৃথক উপ-প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের অধীনে এসব উপ-প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পে মোট ১৬টি উপ-প্রকল্প রয়েছে। এর মধ্যে তিনটি উপ-প্রকল্প রাঙামাটি জেলায় বাস্তবায়নের জন্য নির্ধারিত হয়েছে।
উপ-প্রকল্পগুলোর মধ্যে রাজস্থলী উপজেলার বাঙালিহালিয়া-রাজস্থলী সড়কের প্রায় ১৯ কিলোমিটার উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ৪২ লাখ টাকা। রানীরহাট-কাউখালী সড়কের ৬ কিলোমিটার অংশ উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৭৭ লাখ টাকা। আর বাঘাইহাট-মারিশ্যা সড়ক উন্নয়নে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২১ কোটি ৭৬ লাখ টাকা। তিনটি উপ-প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় দাঁড়ায় ২৪০ কোটি ৯৫ লাখ টাকা।
প্রকল্পটির মেয়াদ চলতি বছরের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের অধীনে রাঙামাটি জেলার তিনটি সড়ক প্রশস্ত করা হচ্ছে।
রাঙামাটি সড়ক বিভাগের আওতাধীন বাঙালহালিয়া-রাজস্থলী ও রানীরহাট-কাউখালী সড়ক ১২ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত করা হবে। অন্যদিকে, খাগড়াছড়ি সড়ক বিভাগের আওতাধীন বাঘাইহাট-মারিশ্যা সড়কও ১২ ফুট থেকে ১৮ ফুটে প্রশস্ত করা হবে।
তিনি বলেন, সড়কগুলোর মান ও প্রশস্তকরণসহ সংশ্লিষ্ট কাজ শেষ হলে এগুলো আরও টেকসই সড়কে পরিণত হবে। এর মাধ্যমে রাঙামাটি জেলায় নিরাপদ, নিরবচ্ছিন্ন ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
প্রকল্প সংশ্লিষ্টদের মতে, সড়ক তিনটির মান উন্নয়ন ও প্রশস্তকরণ শেষ হলে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পাশাপাশি এসব সড়কে যাতায়াতে সময় কমার সুযোগ তৈরি হবে। সড়ক সৌন্দর্যবর্ধনের ফলে পর্যটকদের আকর্ষণও বাড়তে পারে বলে তারা মনে করছেন।
একনেকে অনুমোদিত চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পটির অধীনে থাকা রাঙামাটির তিন উপ-প্রকল্পের কাজ নির্ধারিত মেয়াদের মধ্যে বাস্তবায়নের বিষয়টি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমের ওপর নির্ভর করছে।