রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

সরকার পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে: কাউখালীতে পার্বত্য সচিব

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান বলেছেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু সড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে স্থানীয় জনগণের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

পরে সচিব উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজও পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পগুলোর অগ্রগতি, কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সচিব বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকাগুলোতে উন্নয়নের ধারা আরও বেগবান করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক আর্থসামাজিক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি উন্নয়ন প্রকল্পগুলো যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি