রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

আলীকদমে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিয়াবুল করিম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) নিজের অপরাধ স্বীকার করায় তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

​শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানা পুলিশের একটি দল উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে জিয়াবুল করিমকে আটক করে তল্লাশি করা হলে তাঁর পরনের প্যান্টের পকেট থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাজাপ্রাপ্ত জিয়াবুল করিম উক্ত নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ করলে আটককৃত জিয়াবুল করিম নিজে ইয়াবা সেবন করার কথা স্বীকার করেন। অপরাধ প্রমাণিত ও স্বীকার করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম মোবাইল কোর্টের (মামলা নম্বর-৫৪/২০২৬ ইং) মাধ্যমে তাঁকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

​আলীকদম থানা সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত জিয়াবুল করিম বর্তমানে আলীকদম থানা হাজতে আটক রয়েছেন। আগামীকাল (রোববার) তাঁকে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হবে।

ক্যাটাগরি