রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ৫
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজনসহ মোট পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক কারবারির অভিযোগে পলাশ সরকার (৩৫)কে গ্রেফতার করা হয়। তিনি রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের পোয়াইতু নাড়ামুখ মার্মাপাড়ার বাসিন্দা এবং বর্তমানে রাঙামাটি জেলা পরিষদ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত এসএম শওকত (৪৫), খোকন পাল (৪৮) ও মনি দাশ (২৮)কে সিআর গ্রেফতারি পরোয়ানামূলে এবং মেহেদী হাসান হৃদয় ওরফে বল্লম (১৯)কে জিআর গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।