রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি ও এক মাদকসেবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. খাইরুল ইসলাম (৩৫), মো. নুরুল আমিন রাকিব (৩০) ও শওকত হোসেন (২৪)কে গ্রেপ্তার করা হয়। তারা রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অন্যদিকে, ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ওমর ফারুক (২৪)কে গ্রেপ্তার করা হয়। তিনি তবলছড়ি বাজার এলাকার বাসিন্দা।
এছাড়া মাদক সেবনের অপরাধে মো. নিজাম উদ্দিন ওরফে বাবু (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা হলেও বর্তমানে রাঙামাটির তবলছড়ি এলাকায় বসবাস করেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।