রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কসমস রেস্টুরেন্ট।
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রেস্টুরেন্টটির সিলিং, রান্নাঘরসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এসি, ফ্রিজ, কম্পিউটার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাঙামাটি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রুস্টপ রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের উপরের সিলিং, রান্নাঘর ও বিভিন্ন অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া রেস্টুরেন্টে থাকা এসি, ফ্রিজ, কম্পিউটার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কসমস ও রুস্টপ রেস্টুরেন্টের মালিক এ.কে.এম. সালাহউদ্দীন জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. মফিজুর রহমান বলেন, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চারতলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় আবাসিক হোটেল পরিচালিত হয়। সেখানে মোট ২৯টি কক্ষ রয়েছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলে অবস্থানরত কোনো অতিথি বা অন্য কেউ হতাহত হননি।
এদিকে, অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।