শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

সীমান্তে ইয়াবা ক্রয়ের ৫ লাখ ৯০ হাজার টাকাসহ ২ মাদক কারবারি আটক

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় পুলিশি অভিযানে ধসে পড়েছে এক সংগঠিত মাদক চক্রের আস্তানা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকা থেকে মাদক বিক্রির নগদ টাকা, বিদেশি মদ ও স্যাম্পল ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবানের পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মঈন উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম এই ঝটিকা অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি মধ্যমপাড়ার বাসিন্দা মোজাম্মেল হক প্রকাশ বাবুর বসতবাড়িতে চারপাশ ঘিরে ফেলে রেইড দেয়।

​তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে মাদক বিক্রির ও নতুন চালান ক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রাখা নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সাথে ২ বোতল বিদেশি মদ এবং ৬০ পিস স্যাম্পল ইয়াবা জব্দ করেন আভিযানিক দলের সদস্যরা। দীর্ঘদিন ধরে ওই বসতবাড়িতে অবৈধ মাদকের পাইকারি ও খুচরা বেচাকেনা চলছিল বলে পুলিশের দাবি।

​অভিযানের বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মঈন উদ্দিন জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছিল। উদ্ধার করা টাকা ও মাদকদ্রব্য আইনানুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

​নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের আন্তর্জাতিক ও স্থানীয় রুট বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি