লামায় ৩ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই নারী আটক
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশিতে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে লামা থানাধীন ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংছা চেকপোস্টের সামনে সড়কে গাড়ি তল্লাশিকালে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া বাস টার্মিনাল থেকে আসা একটি জীপে থাকা দুই নারীকে সন্দেহ হলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাদের আটক করে তল্লাশি চালায়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তল্লাশি করা হয়।
এ সময় তাদের হেফাজতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে খাকি রঙের টেপ দিয়ে মোড়ানো দুটি নীল পলিথিনের ব্যাগ পাওয়া যায়। পরে ওই ব্যাগগুলো থেকে সর্বমোট ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটক দুই নারী হলেন—কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রোকেয়া জান্নাত (৫০) ও রিতা মনি (২০)।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।”
এদিকে, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল আহমেদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের মতে, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।