শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

‘ডিসি বলছি, টাকা পাঠান’: বান্দরবানে ভুয়া নম্বরে বড় প্রতারণার ফাঁদ, জেলা প্রশাসনের জরুরি সতর্কবার্তা

হাবিবুর রশিদ হিমন বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের জেলা প্রশাসকের (ডিসি) পরিচয় ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অর্থ হাতিয়ে নেওয়ার এক গুরুতর অপচেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। জেলার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের অছিলা দেখিয়ে একটি প্রতারক চক্র এই জালিয়াতি চালাচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি নজরকাড়ার পরপরই সর্বসাধারণকে বিভ্রান্ত না হতে এবং সতর্ক থাকতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

​সোমবার (৭ সেপ্টেম্বর) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা থেকে এই জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি সংঘবদ্ধ চক্র ০১৮১৯৭৬৫৩২৬ নম্বরটি ব্যবহার করে নিজেদের জেলা প্রশাসক হিসেবে পরিচয় দিচ্ছে এবং বিভিন্ন অজুহাতে টাকা দাবি করছে। জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—উক্ত মোবাইল নম্বরটির সঙ্গে বান্দরবানের জেলা প্রশাসকের কোনো ধরনের দূরতম সম্পর্কও নেই। এটি পুরোপুরি ভুয়া একটি নম্বর এবং সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার উদ্দেশ্যেই ব্যবহার করা হচ্ছে।

​জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদোষ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জালিয়াতির এই ঘটনার খবর পাওয়া মাত্রই প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সাথে বিষয়টি নিয়ে সতর্ক থাকতে জেলার সব সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বান্দরবান প্রেসক্লাবকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

​প্রশাসনের পক্ষ থেকে সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে, এ ধরনের কোনো ফোনকল বা মেসেজে কেউ যেন প্রলুব্ধ বা বিভ্রান্ত না হন। জেলা প্রশাসকের নাম কিংবা পরিচয় ব্যবহার করে কেউ টাকা-পয়সা বা অন্য কোনো আর্থিক লেনদেনের অনুরোধ জানালে, তা সাথে সাথে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যাটাগরি