বমু বিলছড়ি বিএনপির সম্মেলন, নেতৃত্বে ১০ প্রার্থী
নজরুল ইসলাম, লামা, বান্দরবান প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ দেখা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. মিজানুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এম. মোবারক আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মতলব, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিক, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম।
এছাড়া সম্মেলনে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি রহিম উল্লাহ রহিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাহ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সাগর ও ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান তানভীরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং দলীয় কার্যক্রম আরও সক্রিয় করার আহ্বান জানান তারা।
সম্মেলনে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও সভাপতি প্রার্থী মো. নূরুল আবছার তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এ সময় তিনি ছাত্রদলের সভাপতি, যুবদলের সাধারণ সম্পাদক এবং বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে চান বলেও জানান তিনি।
এ সময় তিনি সভাপতি পদে দায়িত্ব দেওয়ার জন্য দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আবেদন জানান।
ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবির আহমদ সম্মেলনের পরিবেশ ও নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে বলেন, “আজ যেন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির ঈদ আনন্দ।” ইউনিয়ন যুবদলের সভাপতি রহিম উল্লাহ রহিম বলেন, “রাজনৈতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী। তিনি আমার রাজনৈতিক স্বপ্নদ্রষ্টা।”নেতৃত্ব নিয়ে তৃণমূলে আগ্রহ
সম্মেলনের পাশাপাশি কাউন্সিলকে ঘিরে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে নতুন নেতৃত্ব নিয়ে। গুরুত্বপূর্ণ পদগুলোতে একাধিক প্রার্থী থাকায় তৃণমূল পর্যায়ে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সভাপতি পদে প্রার্থী হয়েছেন সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির উপদেষ্টা, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা এবং বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নূরুল আবছার। অপর প্রার্থী সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক গিয়াসউদ্দিন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক-১ মো. মিজানুল হক এবং সাবেক ইউপি সদস্য রহিমুল্লাহ (রহিম মেম্বার)।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদেও ছয়জন প্রার্থীর নাম সামনে এসেছে। তারা হলেন—৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূর আহামদ, মাওলানা সাইফুল ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন, এখলাসুর রহমান, মোহাম্মদ ইলিয়াস ও জয়নাল আবেদীন টিপু।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, কাউন্সিলের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের কাছ থেকে সিভি নেওয়া হয়েছে। এতে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন—মোট ১০ জন প্রার্থী রয়েছেন।
কাউন্সিলকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের উপস্থিতি ও সরব অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও চলছে আলোচনা।
নেতাকর্মীদের প্রত্যাশা, কাউন্সিলের মাধ্যমে যোগ্য, ত্যাগী ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতৃত্ব নির্বাচিত হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।