শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটিতে সম্প্রীতির বার্তা নিয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা ও স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটিতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সদর জোনের ব্যবস্থাপনায় সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত।

এ সময় জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির ধারা বজায় রাখার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দূরত্বের কারণে যারা সুচিকিৎসা থেকে বঞ্চিত হন, তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ ধরনের কার্যক্রমের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মেডিকেল ক্যাম্পে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের শত শত অসহায়, দুস্থ নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়।

দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দূরবর্তী এলাকার মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীন চাকমা, ইউপি সদস্য রিটন বড়ুয়া, মাবিকছড়ি বাজার সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম সগির, সাপছড়ি যুবদলের সভাপতি আব্দুল বাছা, সমাজ কমিটির সদস্য মো. জাহাঙ্গীরসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি