বছরের শিশু হত্যা মামলার রহস্য উদঘাটন, জুলাইয়ের শ্রেষ্ঠ এসআই লামার সালাহ উদ্দিন
নজরুল ইসলাম, লামা (বান্দরবান):
৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদঘাটন এবং মামলার আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা পেয়েছেন বান্দরবানের লামা থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন।
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলার পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার।
লামা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ জুলাই ৯ বছরের এক ছেলে শিশুকে নিজেদের ছাগল রাখার বাঁশের মাচাংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা রুজু করা হয়।
পরবর্তীতে অপমৃত্যু মামলার ডিএনএ রিপোর্টে শিশুটিকে পায়ুপথে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার তথ্য উঠে আসে। এরপর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা গুপ্তচর ও স্থানীয়ভাবে প্রাপ্ত বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে একজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেন। মামলার বিষয়টি জানতে পেরে সন্দেহভাজন ব্যক্তি তার নিজস্ব টমটম (অটোরিকশা) গ্যারেজে রেখে পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে অজ্ঞাতস্থানে আত্মগোপন করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। অভিযানে ১৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানাধীন চর সামসুদ্দিন এলাকার রফিকগঞ্জ বাজার থেকে মো. আবদুল কুদ্দুস (৩৯)-কে গ্রেপ্তার করা হয়।
এ গ্রেপ্তারের মধ্য দিয়ে দীর্ঘদিনের অনুদ্ঘাটিত মামলাটির রহস্য উদঘাটন করা সম্ভব হয় বলে পুলিশ জানায়।
চাঞ্চল্যকর এ মামলার তদন্তে দক্ষতা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই সালাহ উদ্দিনকে জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।