বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বান্দরবানে আবারও জেএসএসের সন্ত্রাসী তাণ্ডব: রাজবিলা থেকে ইউপি সদস্যের ছেলে অপহৃত

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর বিরুদ্ধে এক বাঙালি যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজবিলা ইউনিয়নের উদালবনিয়া এলাকা থেকে ওই যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।

অপহৃত যুবকের নাম মো. আরাফাত। তিনি রাজবিলা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাহাঙ্গীরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে উদালবনিয়া এলাকায় অবস্থানকালে জেএসএসের একদল সশস্ত্র ক্যাডার আকস্মিকভাবে এসে আরাফাতকে জোরপূর্বক অপহরণ করে পাহাড়ের গহিন অরণ্যের দিকে নিয়ে যায়। তবে ঠিক কী কারণে বা কোন উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দিনের আলোয় এক জনপ্রতিনিধির সন্তানকে অপহরণের ঘটনায় রাজবিলা ও এর আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ বাঙালিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, পাহাড়ে শান্তি বজায় রাখতে এবং অপহৃত আরাফাতকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথ বাহিনীর জরুরি ও কঠোর অভিযান পরিচালনা করা প্রয়োজন।

ক্যাটাগরি