বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ঈদগাঁওয়ে ভাসমান দোকানে প্রশাসনের উচ্ছেদ অভিযান

সেলিম উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে দীর্ঘদিন ধরে চলমান যানজট সমস্যার অবসানে প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১সেপ্টেম্বর) দুপুরে একটি বড় ধরনের অভিযান পরিচালিত হয়। ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির নেতৃত্বে এই অভিযানে প্রায় ৩০০টি অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

ঈদগাঁও বাস ষ্টেশনের মহাসড়ক ও ডিসি সড়কের আশেপাশে থাকা অবৈধ দোকানগুলোর কারণে নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে তীব্র যানজটের সম্মুখীন হচ্ছিলেন। মাত্র ১০ মিনিটের পথ অতিক্রম করতে আধ ঘন্টা সময় লেগে যায়। এমনকি জরুরি সেবার অ্যাম্বুলেন্সগুলোও এই যানজট থেকে রেহাই পাচ্ছিল না, যা জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

অবশেষে স্থানীয়দের ক্রমাগত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঈদগাঁও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বাস ষ্টেশনের মহাসড়ক ও ডিসি রোডের ফুটপাত থেকে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে। 

অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, পুলিশ, আনসারসহ গ্রাম পুলিশের সদস্যরা। 

অভিযানের পর স্থানীয় জনগণ প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, মহাসড়ক থেকে ভাসমান দোকান সরিয়ে দেওয়ার ফলে যানজট কিছুটা কমবে। তবে তারা আরো দাবি করেন, ষ্টেশনের মহাসড়ক ও সংযোগ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস ও সিএনজির বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এগুলো উচ্ছেদ করা হলে ষ্টেশনের যানজট কমবে এবং সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা জানান, কেউ যদি আবার ফুটপাত দখল করে স্থাপনা তৈরি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

ক্যাটাগরি