মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে জেলা পরিষদ: দীপন তালুকদার দীপু।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

জনগণের প্রত্যাশা পূরণ এবং নাগরিক সেবা আরও কার্যকর করতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার।

তিনি আরও বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে জনগণের প্রত্যাশার প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।পরিষদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (৩০ আগস্ট) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে পরিষদের প্রথম মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিষদের সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মো. মামুনুল হক, জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ মামুন, মো. তোফাজ্জল হোসেন, শাশ্বত চাকমা, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও পাইচিং মং মার্মাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম মাসিক সভায় পরিষদের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নতুন কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভাকে ঘিরে পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও নতুন কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ক্যাটাগরি