লংমার্চ সফল করে জনগণ ৬ দফা মানতে সরকারকে বাধ্য করবে — মুহাম্মদ শাহজাহান
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইউনিট পর্যায়ে সংগঠনের দাওয়াত বৃদ্ধি করে সংগঠন সম্প্রসারণে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে।
আজ (২৭ আগষ্ট) বৃহস্পতিবার কেরানীহাটস্থ সী ওয়ার্ল্ড হোটেলে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তফিজুর রহমান।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ ক ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী সহ উপজেলা ও থানা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকতে জনবিরোধী কাজ করতে সরকার দ্বিধা করছে না। তেল, গ্যাস সহ জ্বালানী সংকটে জনজীবন হুমকির সম্মুখীন। সংকট মোকাবেলায় দলীয় সংকীর্ণতা পরিহার করে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মোস্তফিজুর রহমান বলেন, ৬ দফা বাস্তবায়নের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। আশা করি লংমার্চ জনসমুদ্রে পরিণত হবে। তাই সরকারকে দ্রুত সময়ে জনবান্ধব দাবিসমূহ বাস্তবায়ন করার আহবান জানাচ্ছি। অন্যথায় এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে সরকারকে বাধ্য করবে, ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি জনগণকে আবারো রাজপথে নামতে বাধ্য করেছে। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের লংমার্চের মাধ্যমে সরকারকে গণভোটের গণরায় মানতে বাধ্য করা হবে, ইনশাআল্লাহ।