মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির মগবান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মগবান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যাপক বাঞ্ছিতা চাকমা। প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক সোহাগ ময় চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য মুজিবুল হক বুলবুল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য ও স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক নিরূপা দেওয়ান। তিনি টিআইবি-সনাকের বিভিন্ন খাতভিত্তিক কার্যক্রম এবং গণশুনানির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সোহাগ ময় চাকমা বলেন, পরিবার পরিকল্পনা সেবার পাশাপাশি গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ, প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা, জন্মনিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে রেফারেল, নবজাতক ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যপরামর্শ, নারী-পুরুষের প্রজনন স্বাস্থ্যসেবা এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।
গণশুনানিতে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ওষুধ সরবরাহ, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, ডাস্টবিন স্থাপন, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ, মাসে অন্তত একবার মেডিকেল অফিসারের মাধ্যমে চিকিৎসাসেবা, ফিল্ড ভিজিটরদের নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শন, অবকাঠামো সংস্কার এবং স্বাস্থ্যকেন্দ্রে সরাসরি যানবাহন চলাচলের ব্যবস্থা করার দাবি জানান।
উত্থাপিত বিষয়গুলোর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতাধীন বিষয়গুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক।
সভাপতির বক্তব্যে অধ্যাপক বাঞ্ছিতা চাকমা বলেন, গণশুনানিতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে যেসব বিষয় উঠে এসেছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করা হলে মগবান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান আরও উন্নত হবে।
গণশুনানিতে মগবান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য উত্তম চাকমা, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সুনীল কুমার চাকমা, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুপ্রিয়া চাকমা, মগবান ইউপি চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, সনাক সদস্য গৈরিকা চাকমা ও রনজিৎ নাথ, এসএসিএমও আরতি চাকমা এবং এসিজি সমন্বয়কারী প্রাণেশ চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।