কক্সবাজারের ঈদগাঁওয়ে সরঞ্জামাদিসহ ১২ মাদকসেবী আটক
সেলিম উদ্দিন,কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে ১২ জনকে মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটককৃতরা মাদক সেবনের প্রস্তুতি ও সেবনরত অবস্থায় ছিলেন। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) রাতে থানার এসআই মো. আজিমুল হক পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামপুর বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। এর প্রায় ২০ মিনিট পর বটতলী বাজারসংলগ্ন ছেনোয়ারা প্লাজার নিচতলার ৩ ও ৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে চক্রাকারে বসে মাদক সেবনরত আরও ৯ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের সোনা মিয়া (৫৫), মো. রাসেল (৩০), আব্দু শুক্কুর (৩৯), মো. হেলাল (১৯), মো. সোহেল (২২), সাইফুল ইসলাম (৩০), নুরুল আলম (২২), মো. ফয়সাল (২৭), মাহিউল ইসলাম (২০), মো. আব্দুল কাইয়ুম (২৩), মো. কায়সার (২০) ও মো. করিম (২৫)।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ভাঙা ছুরি, ১৪টি লাল রঙের বোতলের ছিপি, ৩০টি ইয়াবা সেবনের ফ্লুয়েল পেপার, ১৩টি প্লাস্টিক পাইপ, একটি গামছা ও ১৪টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।