লামায় মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড’
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে লামা থানা পুলিশ। রবিবার (২৩ আগস্ট ২০২৬) দিনব্যাপী লামা পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়।
লামা পৌরসভার সাবেক বিলছড়ি, লাইনঝিরি, লামা বাজার, লামা নদীর ঘাট, গজালিয়া জীপ স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ সদস্যদের অভিযান পরিচালনা করতে দেখা যায়।
অভিযানে নেতৃত্ব দেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ। এ সময় এসআই সালাহ উদ্দিন, এসআই মেহেদী হাসান চৌধুরী, এসআই নওফেল হাসান, এএসআই রায়হানসহ লামা থানার সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে লামা বাজারের মার্মা পাড়া বাজারের সামনে থেকে বাবুল বড়ুয়া (২০), পিতা—মৃদুল বড়ুয়াকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, তিনি গাঁজা সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন।
পরে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে মাদক (গাঁজা) সেবন করে এলাকায় বিশৃঙ্খলা করার অপরাধে বাবুল বড়ুয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।
এদিকে, লামা থানা পুলিশের মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে,মাদকসেবন ও মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে লামা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।