উৎসবমুখর বান্দরবান: তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধনার বন্যায় ভাসলেন মাম্যাচিং
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় মাম্যাচিংকে ঘিরে পাহাড়ের রাজনীতিতে সৃষ্টি হয়েছে নতুন উল্লাস। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য গণসংবর্ধনা।
রোববার (২৩ আগস্ট) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক সুবিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এ সময় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রাজপথ।
মুক্তমঞ্চে আয়োজিত সংবর্ধনা মঞ্চে জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা নতুন চেয়ারম্যান মাম্যাচিংকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করেন। এরপর নবগঠিত পরিষদের সদস্য চনুমং, লুসাই মং, জসিম উদ্দীন তুষারসহ অন্যান্যদের বরন করে নেওয়া হয়।
বান্দরবান সদরসহ জেলার সাতটি উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৪ সদস্যের এই অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠন করে সরকার। এর পরপরই পার্বত্য অঞ্চলের বিএনপির রাজনীতির নতুন এই অধ্যায়কে ঘিরে সর্বত্র উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।