বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

লামায় মোবাইল কোর্ট: ১০ স্পটে ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে সরই ইউনিয়নের ১০টি পৃথক স্পট থেকে আনুমানিক ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) লামা উপজেলার সরই ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা লঙ্ঘনের দায়ে মোট একটি মামলা করা হয়। মামলায় একজন আসামিকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, একই অভিযানের অংশ হিসেবে সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউনিয়নের ১০টি স্পট থেকে আনুমানিক ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া বালু উত্তোলন ও মজুতের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এতে নদী ও ছড়ার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীভাঙন এবং আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়রা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনসহ আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি