বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: এস এম লুৎফর রহমান

আদর্শিক কর্মীদের সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ে আপসহীন থেকে শিল্পাঞ্চলে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

তিনি আজ ২১ আগস্ট সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইপিজেড থানা আয়োজিত স্থানীয় মিলনায়তনে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররম, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগরের প্রচার সম্পাদক আবদুর রহীম মানিক।

এস এম লুৎফর রহমান বলেন, একজন আদর্শিক কর্মীকে দায়িত্বশীল, নীতিনিষ্ঠ ও মানুষের কল্যাণে নিবেদিত হতে হবে। কর্মীদের নিজেদের আদর্শিক মান উন্নয়নের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে। শ্রমজীবী মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে তাদের ন্যায্য দাবি আদায়ে সংগঠিতভাবে ভূমিকা রাখতে হবে। শ্রমিকদের নাগরিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে শ্রমিকদের ওপর জুলুম ও নির্যাতন বন্ধ করতে হবে। শ্রমিকদের নাগরিক ও সামাজিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শিল্পাঞ্চলের শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠিতভাবে কাজ করতে হবে।

ইপিজেড থানা সাধারণ সম্পাদক আব্দুর সবুর আশেকীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন থানা নির্বাহী সদস্য মোঃজিয়াউল হক জুবায়ের, মোহাম্মদ বেলাল মোল্লা, মোঃ হারুন, মোঃশাহজালাল, মোঃ নুরুল হক খান, হাফেজ ইদ্রিস ও মাওলানা মিজান প্রমুখ।

ক্যাটাগরি