কাপ্তাইয়ের উথোয়াইমং মারমা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের বাসিন্দা ও কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে উথোয়াইমং মারমাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তার এ নিয়োগে কাপ্তাইয়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
উথোয়াইমং মারমা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চিৎমরম ইউনিয়নসহ কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক যোগাযোগ রয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে উথোয়াইমং মারমার অন্তর্ভুক্তির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, পার্বত্য জেলা পরিষদের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে থেকে উথোয়াইমং মারমা কাপ্তাইসহ রাঙামাটির পাহাড়ি জনপদের মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর উথোয়াইমং মারমার প্রতি শুভেচ্ছা জানিয়ে স্থানীয়রা বলেন, তার অভিজ্ঞতা, রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা এবং এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে তিনি জেলা পরিষদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন—এমন প্রত্যাশা তাদের।