পার্বত্য রাজনীতিতে নতুন সমীকরণ: পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের পর সরকারের মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল ও নতুন মুখ অন্তর্ভুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র চর্চা শুরু হয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন দীপেন দেওয়ান এবং তা গৃহীতও হয়েছে। এরপরই পার্বত্য চট্টগ্রাম থেকে কে হচ্ছেন নতুন অভিভাবক—তা নিয়ে দেশজুড়ে কৌতূহল দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে বান্দরবান-৩০০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত করার আলোচনা এখন তুঙ্গে। সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে নীতিগত ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে তাঁর ঘনিষ্ঠ একাধিক দায়িত্বশীল সূত্র। চলতি সপ্তাহের মধ্যেই বঙ্গভবনে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জোরালো গুঞ্জন রয়েছে।
সাচিং প্রু জেরী বান্দরবান পার্বত্য জেলার অত্যন্ত প্রভাবশালী ও ঐতিহ্যবাহী বোমাং রাজপরিবারের সন্তান। তাঁর পিতা অং শৈ প্রু চৌধুরী বোমং রাজপরিবারের প্রধান ব্যক্তিত্ব হিসেবে তৎকালীন সরকারের মন্ত্রিসভায় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। পারিবারিক ঐতিহ্য, স্থানীয় সামাজিক গ্রহণযোগ্যতা ও পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের রাজকীয় ভূমিকার কারণে সাচিং প্রু জেরী পার্বত্য জেলাগুলোতে সর্বজনশ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন সাচিং প্রু জেরী। পার্বত্য অঞ্চলের অন্য দুই সংসদ সদস্যের সঙ্গে তিনিও চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলার (বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি) বর্তমান জটিল রাজনৈতিক, সামাজিক ও সামাজিক-প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় সাচিং প্রু জেরীর মতো অভিজ্ঞ, স্থানীয়ভাবে গ্রহণযোগ্য এবং সুপরিচিত একজন ব্যক্তিত্বকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা সময়োপযোগী পদক্ষেপ। মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি বাস্তবায়নের গতি বৃদ্ধি, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের যেকোনো দিন বঙ্গভবনে নতুন মন্ত্রী হিসেবে সাচিং প্রু জেরীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে বা বঙ্গভবন থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি। ফলে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নিশ্চিত হওয়ার প্রক্রিয়াটি চূড়ান্ত সরকারি ঘোষণার ওপরই নির্ভর করছে।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাচিং প্রু জেরী যদি শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নেন, তবে তা বান্দরবানসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।