বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

-রাঙামাটি – কাপ্তাই হাতির অবস্থান সড়কে সাড়ে তিন ঘণ্টা বন্য বন বিভাগের তৎপরতায় রক্ষা পেলেন বহু যাত্রী।

মো. জয়নাল আবেদীন, রাঙামাটি (কাপ্তাই) প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৬
রাঙামাটির কাপ্তাই-রাঙামাটি আগরবাগান সড়কের ওপর দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা ধরে বন্য হাতির একটি দল অবস্থান করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের তৎপরতায় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করে বড় ধরনের দুর্ঘটনা ও হাতির আক্রমণ থেকে রক্ষা পান বহু যাত্রী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কাপ্তাই-রাঙামাটি আগরবাগান সড়কের বিভিন্ন অংশে বন্য হাতির একটি দল সড়কের ওপর ও আশপাশে অবস্থান নেয়।

স্থানীয়রা জানান, সড়ক দিয়ে যানবাহনে চলাচলের সময় চালক ও যাত্রীরা হাতির দল দেখতে পেয়ে দ্রুত দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জকে বিষয়টি জানান। খবর পেয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বনকর্মী ও ইআরটি সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আতশবাজি, ফাঁকা গুলি ও গাড়ির হর্ন ব্যবহার করে হাতির দলকে ধীরে ধীরে বনের দিকে সরিয়ে দেওয়া হয়।

তবে হাতির দলকে এক পাশ দিয়ে বনের দিকে সরিয়ে দেওয়ার পর আবার কাপ্তাই প্রবেশমুখে সড়কের ওপর এসে অবস্থান নেয়। এ সময় রাঙামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হাতির দল সড়কে অবস্থান করায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ইআরটি সদস্যরা দ্রুত যান চলাচল বন্ধ করে দেন। এতে সম্ভাব্য হাতির আক্রমণ ও বড় ধরনের দুর্ঘটনা থেকে অনেক যাত্রী প্রাণে রক্ষা পান।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, “আমি রাঙামাটি থেকে কাপ্তাই আসার পথে হঠাৎ সড়কের ওপর বন্য হাতি দেখতে পাই। হাতির কারণে সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।” তিনি সন্ধ্যার পর ওই সড়ক দিয়ে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান ও বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, সন্ধ্যার পর কাপ্তাই-রাঙামাটি সড়কে বন্য হাতির চলাচল থাকতে পারে। তাই জীবনের ঝুঁকি নিয়ে কোনো যানবাহনকে ওই সড়ক দিয়ে চলাচল না করার জন্য অনুরোধ করা হয়েছে।

রাঙামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেন বলেন, “সন্ধ্যার পর কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে ওই পথে চলাচল না করেন। বন্য হাতির উপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্য হাতির চলাচলের সময় সড়কে অযথা ভিড় না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং হাতিকে উত্তেজিত না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

কাপ্তাই-রাঙামাটি আগরবাগান সড়কে বন্য হাতির এমন উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সন্ধ্যার পর এ সড়কে চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বন্য হাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকেও নজরদারি জোরদারের প্রয়োজন রয়েছে।

ক্যাটাগরি