বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা, পাশে জামায়াত নেতারা।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌর এলাকার কর্মহীন ও অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় রাঙামাটি শহরের বনরূপা ইসলামিক সেন্টার হলরুমে ‘দুর্যোগকালীন ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সহায়তা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা বিতরণ করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট মাইনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সূরা সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম। এছাড়া ইসলামি ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুস সালামসহ জামায়াতের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম বলেন, পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট আমরা উপলব্ধি করি। দুর্যোগের এই সময়ে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আজকের এই খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে আমরা আশা করি। ভবিষ্যতেও মানুষের বিপদে জামায়াতে ইসলামী সাধ্য অনুযায়ী পাশে থাকবে।

ক্যাটাগরি