মুন্সিপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন: মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপের দাবি
সালাহ উদ্দিন কাদের,চট্টগ্রাম
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের ঈদগাহ মুন্সিপাড়ায় মাদকের বিস্তার রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এবং বন্ধুঘর-এর সৌজন্যে অনুষ্ঠিত এ মানববন্ধনে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সিপাড়ায় মাদকের বিস্তার বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকাসক্তির কারণে এলাকায় চুরি, ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা বলেন, “মাদক থাকবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে”—এই প্রত্যয় নিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, যুবসমাজ এবং সামাজিক সংগঠনগুলোকেও মাদক প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—মুন্সিপাড়ায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা, মাদক ব্যবসায়ী ও কারবারিদের দ্রুত আইনের আওতায় আনা, যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা পরিচালনা।
বক্তারা আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না; মাদকমুক্ত সমাজ গড়তে এলাকাবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মুন্সিপাড়াকে একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত এলাকায় পরিণত করা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মানববন্ধনের শেষে অংশগ্রহণকারীরা “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এবং “মাদক থাকবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে” স্লোগানে মাদকবিরোধী আন্দোলন জোরদারের অঙ্গীকার করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।