বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বৃষ্টি উপেক্ষা করে লামায় জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৫ আগস্ট) টানা বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে লামা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে লামা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রবল বৃষ্টির মধ্যেই উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী ইব্রাহিম। সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ফরিদুল আলম।

সভাপতির বক্তব্যে কাজী ইব্রাহিম গণভোট বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, দেশে আবারও ফ্যাসিবাদের পুনরাবৃত্তির লক্ষণ দেখা যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানিয়ে বলেন, এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে অতীতের চেয়েও কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বক্তব্যের একপর্যায়ে নেতাকর্মীরা “জান দেবো, জুলাই দেবো না” স্লোগান দেন।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

ক্যাটাগরি