বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস বিজ্ঞপ্তি

জুলাই শহীদদের স্মরণে লামায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মোমবাতি প্রজ্বলন

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বান্দরবানের লামায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন লামা উপজেলা শাখা।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় লামা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্র ফেডারেশনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলাই শহীদদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত ও স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলা শাখার সংগঠক জাহেদুল ইসলাম। তিনি বলেন, “জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক লড়াই। এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তের সঙ্গে আমরা কোনো বেঈমানি করতে পারি না। তাই অবিলম্বে জুলাই আন্দোলনের সকল শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। জুলাইয়ে আহত ও পঙ্গুত্ববরণকারী সকল যোদ্ধার সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ হিসেবে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “শহীদ শাকিলসহ জুলাইয়ের প্রতিটি শহীদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। শিক্ষাঙ্গনে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র ফেডারেশন রাজপথে থাকবে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “শহীদের রক্ত বৃথা যেতে দেব না”, “জুলাই সনদ বাস্তবায়ন চাই” এবং “আহতদের পুনর্বাসন কর”সহ বিভিন্ন স্লোগান দেন।

শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাকিলসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

ক্যাটাগরি