ফুলপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রেড লাইসেন্স ও মূল্যতালিকা যাচাই, তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা
সেলিম রানা, ফুলপুর(ময়মনসিংহ)
ময়মনসিংহের ফুলপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রেড লাইসেন্স ও মূল্যতালিকা যাচাই করা হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় মক্কা স্টোরকে ৫ হাজার টাকা এবং সাল সাবিন মেশিনারিজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আল সৌদিয়া হোটেলে বিক্রয়ের জন্য রাখা জন্মদিনের কেকে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং নষ্ট দই বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সেসব দোকান সরিয়ে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে ফুলপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।