মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

আবারও অতিরিক্ত ইটবোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়ল কাউখালী–রানীরহাট সড়কের সাহেবনগর বেইলি ব্রিজের পাটাতন

মোহাম্মদ মামুন হোসাইন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:

৫ টনের বেশি মালামাল বহনে নিষেধাজ্ঞা থাকলেও মানা হচ্ছে না নির্দেশনা; জনদুর্ভোগ চরমে, কার্যকর নজরদারি ও সেনাবাহিনীর কারিগরি সহযোগিতা চাইলেন এলাকাবাসী

রাঙামাটির কাউখালী উপজেলার কাউখালী–রানীরহাট প্রধান সড়কের সাহেবনগর এলাকার গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি আবারও অতিরিক্ত ইটবোঝাই ট্রাকের ভারে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) একই ধরনের ঘটনায় ব্রিজের পাটাতন ভেঙে পড়লে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

এর আগে গত ১৮ জুলাই ২০২৬ তারিখে একই ব্রিজ অতিরিক্ত ইটবোঝাই একটি ট্রাকসহ ভেঙে পড়েছিল। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ব্রিজটি মেরামত করে যান চলাচলের উপযোগী করে তোলে। কিন্তু মেরামতের কয়েক দিনের মধ্যেই একই ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) রাঙামাটি ব্রিজটির দুই পাশে ৫ টনের অধিক মালামাল বহনকারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে। তবে সেই নির্দেশনা অমান্য করে নিয়মিত অতিরিক্ত ইটবোঝাই ট্রাক চলাচল করায় ব্রিজটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর প্রশ্ন, যে বেইলি ব্রিজের নির্দিষ্ট ভারবহন ক্ষমতা রয়েছে, সেখানে সেই সীমা অতিক্রম করে যান চলাচল করলে দায় কি শুধুই ব্রিজের? নাকি ওজন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির অভাবও এর জন্য দায়ী?

স্থানীয় বাসিন্দারা জানান, বারবার একই ধরনের ঘটনা ঘটলেও অতিরিক্ত মালবোঝাই যানবাহনের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে একদিকে সরকারি অর্থ ব্যয় করে বারবার মেরামত করতে হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসী দ্রুত ওজন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ, অতিরিক্ত মালবোঝাই যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং প্রয়োজনে দেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীর কারিগরি সহযোগিতায় স্থায়ী ও টেকসই সমাধানের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে একই ধরনের দুর্ঘটনা ও জনদুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব হবে।

ক্যাটাগরি