তৌহিদুল আনোয়ার হাই স্কুলে সেপাকটাকরো বিশ্বজয়ীদের বর্ণাঢ্য সংবর্ধনা
ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার তৌহিদুল আনোয়ার হাই স্কুলে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থী ও সফল শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
অনুষ্ঠানে সেপাকটাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন এবং সেরা ক্রীড়াবিদ হিসেবে পুরস্কৃত হওয়ায় বিদ্যালয়ের দশম শ্রেণির কৃতি শিক্ষার্থী পূর্ণা বড়ুয়া এবং বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক ও সেপাকটাকরো প্রশিক্ষক রুবেল হাসানকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “অধ্যবসায়, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। বর্তমান যুগে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না; পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে”। তাঁর এই অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।
তৌহিদুল আনোয়ার হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সুজাউদ্দীন জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা, বাংলাদেশ সেপাকটাকরো অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য লুৎফুল করিম সোহেল এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রামের প্রভাষক সাইফুল্ল্যা মুনির।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ মনে করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে আরও শাণিত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সংবর্ধিত কৃতি শিক্ষার্থী ও শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।