লক্ষ্মীপুরের রায়পুরে বাহার আলী মোল্লার হাট গরু বাজার প্রভাবশালীদের দখলে
শরীফ হোসেন রিংকন,লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুরে আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিতর্কিত গরুর বাজারে হাসিল আদায়ের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।
রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাহার আলী মোল্লার হাট এলাকায় বসে উপজেলার সবচেয়ে বড় গরুর বাজার। প্রতি বছরের মতো এবারও বাজারটি ইজারা দেওয়া হলেও, ইজারা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় আইনি প্রক্রিয়ায় বাজারটি প্রশাসনের নিয়ন্ত্রণে চলে যায়।
নিয়ম অনুযায়ী, এই বাজারের হাসিল সরকারি লোকজনের মাধ্যমে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা। তবে বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
অভিযোগ উঠেছে, দক্ষিন চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রভাবশালী নেতা হারুনুর রশিদ হাওলাদার (সাবেক চেয়ারম্যান) ও তার ছেলে শিমুল ও খবির খলিফাসহ কয়েকজন ব্যক্তি বাজারের হাসিল আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। এমনকি আদায়কৃত অর্থের ২৫ শতাংশও সরকারি কোষাগারে জমা হচ্ছে না বলে জানিয়েছেন একাধিক ব্যক্তি।
শনিবার, ২৫ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায়, চেয়ারম্যানের ছেলে শিমুল হাওলাদার ও তার সহযোগীরা কয়েকটি চৌকি বসিয়ে নিজেদের মতো করে হাসিল আদায় করছে।
এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের ক্রেতা ও বিক্রেতারা।
অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ইউপি তহসিলদার আব্দুল সাত্তারকে দেখা গেছে একটি দোকানে বসে অলস সময় পার করতে।
এ বিষয়ে জানতে চাইলে তিনি দায়সারা জবাবে বলেন—
“আমাদের লোকজনই টাকা তুলছে, এখানে অন্য কেউ নেই।”
সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হারুন হাওলাদার বলেন-
আমার ছেলেসহ কয়েকজন সরকারকে সহযোগিতার জন্য চৌকিতে বসেছে এবং বাজারের ওই যায়গাটি আমার ব্যক্তিগত।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) বলেন-
বাজার নিয়ে বিতর্ক থাকায় আমাদের তহসিলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি চাইলে স্থানীয়দের সহযোগিতা নিতে পারেন।
তবে, যদি কালেকশানের টাকা নিয়ে হেরাফেরি করা হয় সেক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে।