মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক
নুর মুহাম্মদ, কক্সবাজার:-কক্সবাজারের রামু থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে। এ সময় আটক করা হয় দুই যুবক।
পুলিশ জানায়, মঙ্গলবার ২১ এপ্রিল পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুইয়ার তত্ত্বাবধানে উপজেলার জোয়ারিয়ানালা ও রাজারকুল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি টিম রাজারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রামু সেনানিবাসের এলিফ্যান্ট গেইট এমপি চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মোঃ ইলিয়াছের হেফাজত থেকে ২০০ (দুইশত) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি খুনিয়াপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধোয়াপালং এলাকার আব্দুস সালাম ও খুরশিদা বেগমের পুত্র মোঃ ইলিয়াছ (২৫)।
অপর দিকে জোয়ারিয়ানালা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মিঠারছড়া নতুনপাড়া আসামীর বসতঘর হতে ১২০ লিটার দেশিয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী জোয়ারিয়ানালা ৭নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার আবু শামা ও আলমাছ খাতুনের ছেলে বেলাল হোসেন(৪৫)।
মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।