মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর: লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা
নজরুল ইসলাম, লামা (বান্দরবান)
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নে অনুষ্ঠিত বিজয় দিবস ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের ১০ম আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন লামা উপজেলার মেধাবী ক্রিকেটার মঈদুল ফাহাদ।
টুর্নামেন্টে অংশ নিয়ে মাত্র তিন ম্যাচেই অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের পরিচয় দেন তিনি। এ সময় তিনি মোট ২০৩ রান সংগ্রহ করেন, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। শুধু ব্যাটিংয়েই নয়, বল হাতেও কার্যকর ভূমিকা রেখে দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি।
তার এই অলরাউন্ড পারফরম্যান্স দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দর্শকদেরও মুগ্ধ করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে আয়োজক কমিটি তাকে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ ও ‘সেরা ব্যাটসম্যান’ হিসেবে পুরস্কৃত করে।
স্থানীয় ক্রীড়ামোদীরা জানান, মঈদুল ফাহাদের এমন সাফল্য লামা উপজেলার জন্য গর্বের বিষয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে নিজের প্রতিভা তুলে ধরবেন এবং দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।